Logo Logo

তেঁতুলিয়ায় ১২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে সিপাইপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে নিম্নমানের ব্লক, বালুর পরিবর্তে মাটি এবং ভাঙা ইট ব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ লোপাটের পাঁয়তারা চলছে বলে স্থানীয়রা দাবি করেছেন।


বিজ্ঞাপন


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ হাজার ২১০ মিটার এই ইউনি ব্লক সড়ক নির্মাণের জন্য ১১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঝিনাইদহের ঠিকাদার মো. মিজানুর রহমান কাজটি পেলেও বর্তমানে ঠাকুরগাঁওয়ের তানিয়া কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অভিযোগ উঠেছে, সড়কের কাজে ব্যবহারের জন্য আনা ব্লকগুলোর সিংহভাগই নিম্নমানের এবং কোনা ভাঙা। এর আগে বালুর সঙ্গে মাটি মেশানো এবং নিচু মানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা প্রশাসন তদন্ত চালালেও কাজের গুণগত মান ফেরেনি। এমনকি ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তায় ফেলার মতো আইনত দণ্ডনীয় কাজও চলছে প্রকাশ্য দিবালোকে।

সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে গত বছর সাংবাদিকরা ঠিকাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছিল। সে সময় উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও এলজিইডি তা তোয়াক্কা না করে নিজস্ব গতিতে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মিলন দাবি করেছেন, আগে যা হয়েছে তা বাদ দিয়ে বর্তমানে নিয়ম মেনেই কাজ হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী খাঁন এ বিষয়ে জানান, সড়কের কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। তিনি নিজে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছেন এবং দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে স্থানীয়রা টেকসই সড়কের দাবিতে উচ্চতর তদন্তের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...