Logo Logo

কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালে দুই আইনজীবীর হাতাহাতি


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস ত্যাগ করেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে জমিজমা সংক্রান্ত একটি মামলার (সিআর ১০/২০২৫) শুনানি শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের স্থায়ী জামিনের আবেদন করলে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু এবং অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে বিচারক এজলাস থেকে নেমে যান এবং আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আদালতের সাধারণ বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনজীবীদের এমন আচরণে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। পরবর্তীতে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বসে বিষয়টি পারিবারিকভাবে সমাধান করে দিয়েছেন। বর্তমানে আদালতের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...