Logo Logo

চন্দ্রগ্রহণে অনুশীলন করলে অমঙ্গল হবে ভেবে অনুশীলন বাতিল করলো ভারত


Splash Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য সামনে রেখে কোনো দিকেই ঢিল দিতে চাইছে না ভারত। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দলে ইতিবাচক পরিবেশ ধরে রাখতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। সাবেকরা অফফর্মে থাকা খেলোয়াড়দের পাশে দাঁড়াচ্ছেন, আর অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল করছে নিয়মিত অনুশীলন।


বিজ্ঞাপন


তবে সেমিফাইনালের আগে একটি অদ্ভুত কারণে অনুশীলনের সূচি বদলাতে হয়েছে ভারতকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচের দুই দিন আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলনে নামার কথা ছিল দলের। কিন্তু মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে হঠাৎ করেই সময় পিছিয়ে দেওয়া হয়।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সেদিন চন্দ্রগ্রহণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। ভারতে চাঁদ দৃশ্যমান হওয়ার সময় ছিল সন্ধ্যা ৬টা ২৬ মিনিট থেকে, আর সর্বোচ্চ দৃশ্যমানতা ৬টা ৩৩ থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের সময় নতুন কোনো কাজ শুরু করা শুভ নয়—এই ভাবনা থেকেই সিদ্ধান্ত বদলায় দল।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই গ্রহণ শেষ হওয়ার পর অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই মত দেন, ৬টা ৪০ মিনিটের পরই অনুশীলন হওয়া উচিত। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় সূচি।

কুসংস্কার নাকি মানসিক প্রস্তুতির কৌশল—এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে সামনে রেখে ভারত কোনো ঝুঁকি নিতে চাইছে না। মাঠের লড়াইয়ে যেমন প্রস্তুতি, তেমনি মানসিক দিক থেকেও থাকতে চায় শতভাগ ইতিবাচক। এখন দেখার, এই সতর্ক প্রস্তুতি তাদের ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...