Logo Logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভাঙ্গায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা


Splash Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙ্গায় বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী ও শরীয়তপুর জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঈদে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস্-দক্ষিণ) রখফার সুলতানা খানম। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, তাই শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত। অনিয়মের খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালানো কোনোভাবেই সহ্য করা হবে না। যাত্রীদের নিরাপত্তায় তিনি মালিক ও চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার। তিনি মহাসড়কের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ূন। তিনি জানান, ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হবে।

সভায় ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদীসহ সংশ্লিষ্ট বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে, বাস মালিক ও শ্রমিক নেতারা মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...