Logo Logo

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন নামের এক যুবক নিহত


Splash Image

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার শংকরপাশা এলাকায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিলন একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে প্রতিবেশী বেলাল হাওলাদারের সঙ্গে বসতঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে মিলনের বাগ্‌বিতণ্ডা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার প্রতিবেশী বেলাল ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করেন এবং তাদের বসতঘরে হামলা চালান। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মিলন ও তার ভাই মিরাজ হাওলাদার পুনরায় বেলালদের ওপর হামলা করতে যান।

দ্বিতীয় দফা হামলার সময় বেলাল হাওলাদার ও তার ভাইয়েরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরিফুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...