Logo Logo

ঝালকাঠিতে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


Splash Image

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লাকি বেগম।

লিখিত বক্তব্যে লাকি বেগম অভিযোগ করেন, সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার রাজু আহমেদ নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজু আহমেদ একটি মিথ্যা চাঁদাবাজির অজুহাত তুলে তার ছেলে ও স্থানীয় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সজিবকে মারধর করেন। ১০-১২ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে নিতে রাজু আহমেদ একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ তোলা হয়।

লাকি বেগম আরও জানান, ওই মামলার পর গ্রেপ্তারের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে যান। এই সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে রাজু আহমেদের অনুসারীরা আবারও তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী অভিযোগ করেন যে, রাজ্জাক, রনি ও পলাশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত রাজু আহমেদের মন্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...