Logo Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কলকাতায় আটকা ওয়েস্ট ইন্ডিজ দল, বাড়ি ফিরতে ড্যারেন স্যামির আকুতি


Splash Image

ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পার হলেও এখনো দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারতের কলকাতায় আটকে রয়েছে পুরো দলটি। অনিশ্চয়তার এই পরিস্থিতিতে দলের প্রধান কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি বাড়ি ফিরতে চাই।”


বিজ্ঞাপন


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে দুবাইয়ের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ দূরত্বের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির অফিশিয়াল এয়ারলাইনস পার্টনার এমিরেটস হওয়ায় অধিকাংশ আন্তর্জাতিক ভ্রমণ দুবাই হয়ে পরিচালিত হয়।

প্রথমদিকে জানা গিয়েছিল, আইসিসি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের ক্যারিবীয় অঞ্চলে ফেরানোর চেষ্টা করছে। পরিকল্পনা ছিল সপ্তাহের মাঝামাঝি সময়ে তারা ভারত ছাড়বে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এবং সেই পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি। ফলে দলটি এখনো কলকাতাতেই অবস্থান করছে।

গত ১ মার্চ সুপার এইট পর্বে ভারতের কাছে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।

একই পরিস্থিতিতে পড়েছিল জিম্বাবুয়ে তবে তাদের দলের একটি অংশ গতকাল দিল্লি থেকে নিজ দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হতে পেরেছে। জিম্বাবুয়ে দলও ১ মার্চ সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। তাদের দেশে ফেরার কথা ছিল ২ মার্চ।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রানজিট–সংকটের কারণে আইসিসি বিকল্প ভ্রমণব্যবস্থা নিশ্চিত করেছে। ফ্লাইটের প্রাপ্যতা ও নতুন রুটের কারণে দলটি ধাপে ধাপে রাজধানী হারারেতে ফিরবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...