Logo Logo

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর


Splash Image

বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরিতে দেশজুড়ে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেন। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি এবং প্রবাসী শ্রমিকদের সামগ্রিক কল্যাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশের বেকার যুবক-যুবতীদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে বিশেষায়িত ভাষা শিক্ষা কেন্দ্র খোলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তরুণরা গন্তব্য দেশের ভাষা শিখে সহজে এবং আত্মবিশ্বাসের সাথে চাকরির সুযোগ পেতে পারে।

প্রবাসী কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কোনো কর্মীকে যেন নিজের শেষ সম্বল বা সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এর বিকল্প হিসেবে তিনি স্বল্প সুদে বিশেষ ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ প্রাপ্তির প্রক্রিয়া অত্যন্ত সহজতর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...