Logo Logo

শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ


Splash Image

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে শ্বশুরকে নিজের পিতা হিসেবে দেখিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরে এক নারী কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


অভিযুক্ত মৌসুমী আক্তার বর্তমানে পরিবার কল্যাণ সহকারী পদে কর্মরত রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, তার প্রকৃত জন্মদাতা পিতার নাম মোজা সরকার। তবে চাকরির জন্য জমা দেওয়া কাগজপত্রে ইচ্ছাকৃতভাবে পিতার নাম পরিবর্তন করে শ্বশুরকে পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সংযুক্ত বিভিন্ন নথিপত্র বিশ্লেষণে অভিযোগকারীরা দাবি করেন, জাতীয় পরিচয়পত্র, পারিবারিক তথ্য ও অন্যান্য সরকারি রেকর্ডে জন্মদাতা পিতার নাম ভিন্ন থাকলেও চাকরির নথিতে তা পরিবর্তন করা হয়েছে। তাদের মতে, বিষয়টি নথি জালিয়াতি ও তথ্য গোপনের শামিল হতে পারে।

স্থানীয় সচেতন মহলের মতে, মুক্তিযোদ্ধা কোটা কোনো দয়া নয়; এটি বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি। ভুয়া তথ্য দিয়ে এই সুবিধা গ্রহণ করা হলে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

এ ঘটনায় প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মৌসুমী আক্তার বলেন, “আপনাদের কোনো কথা থাকলে অফিসে যোগাযোগ করেন। আমার সব কাগজপত্র ঠিক আছে।”

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...