Logo Logo

কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, বাঁধা দিলে মারধর


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে লোকজন নিয়ে নিয়মিত মাদক সেবনের অভিযোগ উঠেছে শংকর হালদার (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের মারধরের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।


বিজ্ঞাপন


এলাকাবাসী জানায়, শংকর হালদারের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (৭ মার্চ) এ অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শংকর হালদার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।

ওই গ্রামের বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার (৪০) বলেন, “শংকর হালদার প্রায়ই বাড়ির পাশের পুকুরপাড়ে বসে লোকজন নিয়ে প্রকাশ্যে মাদক সেবন করেন। ওই পুকুরপাড় দিয়ে নারী-পুরুষসহ এলাকার মানুষ চলাচল করে। নারীরা যাওয়ার সময় তাদের উদ্দেশে অশালীন মন্তব্য ও ইভটিজিং করা হয়। আমরা এসবের প্রতিবাদ করলে শংকর ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের মারধর করে।”

তিনি আরও জানান, কয়েকদিন আগে এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে এবং তার চাচা নিরঞ্জনকে শংকর ও তার সহযোগীরা মারধর করে। এ ঘটনার বিচার চেয়ে তারা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শংকর হালদার বলেন, “আমি আগে কিছুটা মাদক সেবন করতাম। কিন্তু এলাকার মানুষের সামাজিক চাপের কারণে এখন তা ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি ভালো হয়ে গেছি এবং মাদকের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, “মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শংকর হালদার যদি প্রকাশ্যে বসে মাদক সেবন করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...