Logo Logo

পরিবার ছাড়া যেমন কাটছে নবীন ববিয়ানদের রমজান


Splash Image

পরিবারের স্নেহময় পরিবেশ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে পা রাখা অনেক শিক্ষার্থীর জন্যই এক ভিন্ন অভিজ্ঞতা। বিশেষ করে পবিত্র রমজান মাস যখন আসে, তখন পরিবারের সঙ্গে কাটানো পুরোনো স্মৃতিগুলো আরও বেশি করে মনে পড়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবীন শিক্ষার্থীদের ক্ষেত্রেও এবার রমজান ঠিক এমনই নতুন অনুভূতি আর অভিজ্ঞতার সমন্বয় হয়ে উঠেছে।


বিজ্ঞাপন


পরিবার থেকে দূরে, নতুন পরিবেশ ও নতুন দায়িত্বের মধ্যে সংযমের এই মাস কীভাবে কাটছে—তা জানতে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে ভোরের বাণী। তাদের কথায় উঠে এসেছে একদিকে পরিবারকে মিস করার আবেগ, অন্যদিকে নিজের দায়িত্ব নিজে নেওয়ার নতুন শিক্ষা।

নবীন শিক্ষার্থী সুমাইয়া হোসাইন বলেন, পরিবারের স্নেহ আর বিশেষ করে মায়ের নিরাপদ আশ্রয় ছেড়ে দূরে থাকার এই রমজান তাকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। তার ভাষায়, পরিবারের বাইরে কাটানো একাকী জীবনের রমজানই মানুষকে প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে শেখায় এবং ‘বড়’ হওয়ার শিক্ষা দেয়। তবে এই বড় হয়ে ওঠার পথটি অনেক সময়ই কঠিন ও বিষাদময় মনে হয়। সুমাইয়ার মতে, সেই শৈশবের মায়াভরা শাসন ও নিশ্চিন্ত নির্ভরতার দিনগুলোই এখন আরও বেশি করে মনে পড়ে।

আরেক নবীন শিক্ষার্থী রিফাতুল ইসলাম রায়হান জানান, পরিবারের বাইরে থেকে পড়াশোনা করার কারণে এবারের রমজান তাকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করেছে। মা-বাবার স্নেহভরা ডাকের অভাব তিনি গভীরভাবে অনুভব করেন। তবে বন্ধুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তাকে একাকীত্ব কাটাতে সহায়তা করছে। তার মতে, ঘর থেকে দূরে কাটানো এই সময় দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি শিখিয়েছে—দূরত্ব থাকলেও ভালোবাসা ও স্মৃতির মাধ্যমেই রমজানের প্রকৃত আনন্দ অনুভব করা যায়।

নবীন শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস বলেন, পরিবারের বাইরে প্রথমবার রমজান কাটানোর অভিজ্ঞতা তাকে আত্মনির্ভরশীল ও দায়িত্ববান করে তুলছে। সেহরিতে মায়ের ডাক কিংবা ইফতারের সময় পরিবারের পরিচিত কোলাহল এখন খুব মিস করেন তিনি। তবে বন্ধুদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করা এবং একাকীত্বের সঙ্গে লড়াই করতে করতেই তিনি নিজেকে আরও পরিণত মনে করছেন। জান্নাতুলের মতে, বড় হওয়া মানে শুধু স্বাধীনতা পাওয়া নয়, বরং জীবনের শূন্যতাগুলোকে মেনে নিয়েও হাসিমুখে সামনে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করা।

একই অনুভূতির কথা জানান নবীন শিক্ষার্থী হেলাল হোসাইনও। তিনি বলেন, পরিবারের বাইরে প্রথমবার একা রমজান কাটানোর অভিজ্ঞতা তাকে একদিকে একাকীত্ব সহ্য করার শক্তি দিয়েছে, অন্যদিকে পরিবারের ভালোবাসার গভীরতা নতুন করে উপলব্ধি করিয়েছে। মায়ের স্নেহময় ডাক এবং ইফতারের পরিচিত পরিবেশের অভাব তিনি গভীরভাবে অনুভব করেন। তবে এই দূরত্ব তাকে বুঝিয়েছে যে, সম্পর্কের টান কখনোই কমে যায় না। হেলালের মতে, এই রমজান তার জীবনে বিচ্ছেদের অনুভূতি নয়, বরং হৃদয়ে পরিবারকে ধারণ করে আত্মনির্ভরশীল হওয়ার নতুন অধ্যায়ের সূচনা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা স্পষ্ট করে যে, পরিবার থেকে দূরে কাটানো প্রথম রমজান একদিকে আবেগঘন হলেও অন্যদিকে এটি তাদের জীবনে আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের প্রকৃত মূল্য উপলব্ধির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...