Logo Logo

শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: ফরিদপুরে নাহিদ ইসলাম


Splash Image

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল, বর্তমান সরকারের মধ্যেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে আয়োজিত ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন সংস্থাকে দলীয়করণ করা হয়েছিল। বর্তমান সরকারের মাত্র এক মাসও পূর্ণ হয়নি, কিন্তু শুরু থেকেই একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে এগারো দল এবং জাতীয় নাগরিক পার্টিকেও নিজেদের অবস্থান নতুন করে ভাবতে হবে; সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব।”

সরকারি দল শপথ নেওয়ার পরই জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা জুলাই সনদের আদেশ অনুযায়ী শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল শপথ নিয়ে সবার আগে সেই জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে।”

তিনি দাবি করেন, সরকারি দল দুটি গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ না করে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তার ভাষ্য, “জুলাই সনদের আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জনগণ ব্যাপকভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। অথচ সেই গণভোটের বৈধতা নিয়েই ষড়যন্ত্র করা হচ্ছে।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা এবং গণভোটের বৈধতা নিয়ে আদালতে মামলা করা হয়েছে। তার মতে, সরকারপন্থী আইনজীবীরা আদালতে গিয়ে এসব বিষয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন এবং বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, “মিডিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করা হচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সারাদেশে নানা প্রক্রিয়া ও নানা পায়তারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন গণমাধ্যম পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে লক্ষ্যবস্তু করছে। ৫ আগস্টের পর থেকে এবং এ নির্বাচনের পর থেকে সরকারের আশ্রয়-প্রশ্রয় ও গ্রিন সিগন্যালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা জোরদার হয়েছে। এ জন্য বিভিন্ন মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে।”

বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...