Logo Logo

‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট


Splash Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভাষণে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঘোষণা করেছেন, ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চি জমিও শত্রুর দখলে যেতে দেবে না।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই ভাষণে পেজেশকিয়ান বলেন, দেশের মাটি ও পানি রক্ষার পবিত্র দায়িত্ব প্রতিটি নাগরিকের। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই যেকোনো ধরনের বহিঃশত্রুর আগ্রাসন প্রতিহত করা সম্ভব।

আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, ইরান সবসময় প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে এই অঞ্চলে বিভাজন সৃষ্টি ও উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, বর্তমানে কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যার প্রেক্ষাপটে ইরান পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন যে, এর অর্থ এই নয় যে ওই দেশগুলোর সঙ্গে তেহরানের কোনো সরাসরি বিরোধ রয়েছে।

আক্রমণকারীদের সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নেবে এবং সময়মতো উপযুক্ত জবাব প্রদান করা হবে।

ভাষণের শেষ অংশে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। জনতার সম্মিলিত শক্তিই ইরানকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে অপরাজেয় হিসেবে গড়ে তুলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...