Logo Logo

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেল, ৯০ জন ভোক্তার পণ্য উধাও


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকসেল কার্যক্রমে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ থাকা পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য ঘাটতির ঘটনা ধরা পড়ায় ভোক্তাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৮ মার্চ) দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিল ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ।

এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বরাদ্দ ছিল। কিন্তু বিতরণের সময় স্থানীয় ভোক্তারা পণ্য কম থাকার অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্য অনুপস্থিত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি ট্রাক তল্লাশি করে কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং ঘটনাটি তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে জড়িত কিছু ডিলার এবং পৌরসভার অসাধু কর্মচারীদের যোগসাজশে বরাদ্দকৃত পণ্যের একটি অংশ সরিয়ে ফেলা হয়েছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরেই টিসিবির ট্রাকসেল কার্যক্রমে এমন অনিয়ম হয়ে আসছে, তবে এবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এ ঘটনায় অনেক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজা রেখে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য পাননি। দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত এসব পণ্য এভাবে গায়েব হয়ে যাওয়ায় তারা প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করেছেন।

এ বিষয়ে ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, “ট্রাকে পণ্য কম ছিল বিষয়টি আমি আগে জানতাম না। পরে জানতে পেরে ঘাটতি পূরণের জন্য আরেকটি ট্রাকে করে পণ্য পাঠানো হয়েছে।”

অন্যদিকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পণ্য বিতরণের বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না।”

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...