Logo Logo

ফরিদপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩২ জন গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম্য রক্তক্ষয়ী সংঘর্ষের একটি বড় প্রস্তুতি পণ্ড করে দিয়েছে পুলিশ। উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) দিবাগত গভীর রাতে পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুলালী গ্রামে দু’পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও মারামারির প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করার খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই গ্রামটির বিভিন্ন বাড়িতে হানা দেয় পুলিশের বিশেষ দল।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ঢাল, সরকি, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এই ঝটিকা অভিযানে সশরীরে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, গ্রাম্য দলাদলি বা সংঘর্ষের কোনো সুযোগ দেওয়া হবে না। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারের এই অভিযান নিয়মিত চলবে। জব্দকৃত অস্ত্রগুলো ইতোমধ্যে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও শান্তি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...