Logo Logo

গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় মহড়া অনুষ্ঠিত


Splash Image

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এবং "ভূমিকম্পের ভয় করতে হবে জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সুশাসন চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আরো উল্লেখ করেন, ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। ভূমিকম্প সরাসরি মানুষকে আঘাত করে না, বরং ত্রুটিপূর্ণ ভবন ধসের কারণেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারে।

মহড়া চলাকালে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সমন্বিত দল বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী প্রদর্শন করে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দিতে হয় এবং জীবন রক্ষা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।

জেলা প্রশাসনের সুশাসন চত্বরে আয়োজিত এই বিশেষ মহড়া স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...