Logo Logo

কুয়াকাটায় মুক্তা চাষে উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রশিক্ষণ


Splash Image

পুকুরে মুক্তা চাষের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্রাক মাইক্রোফাইন্যান্সের দাবি সাউথ ডিভিশন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটার ৪ নম্বর ওয়ার্ডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক পর্যায়ের ২৫ জন সদস্যকে আয় বৃদ্ধির লক্ষ্যে পুকুরে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বিএম আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান, ওয়াশ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মীর সোহেল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মর্তুজা বিল্লাহ এবং কৃষি ও বিমা বিষয়ক এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম।

বক্তারা বলেন, পুকুরে মুক্তা চাষ বর্তমানে একটি সম্ভাবনাময় ও লাভজনক উদ্যোগ। আধুনিক প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব, যা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের আধুনিক পদ্ধতি, ঝিনুকের পরিচর্যা, ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় মুক্তা চাষি সুজন মিয়া।

মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক বেকার যুবক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...