Logo Logo

সংরক্ষিত নারী আসন

তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসন ঘিরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমীকরণ শুরু হয়েছে। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও জেলার তৃণমূল নেতাকর্মীদের মুখে এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জেলা মহিলা দলের সভাপতি ও সাহসী নেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নাম। দীর্ঘ তিন দশকের ত্যাগ, রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকেই সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চান মাঠপর্যায়ের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


পেশায় শিক্ষক ফোরাতুন নাহার প্যারিস একাধারে সংসার, শিক্ষকতা ও রাজনীতি—এই তিন ক্ষেত্র সামলে নিজেকে একজন লড়াকু নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্ম নেওয়া এই নেত্রী বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলীর সহধর্মিণী। ১৯৯৩ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তৎকালীন জেলা শীর্ষ নেতাদের হাত ধরে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম প্রতিকূলতা ও জেল-জুলুম উপেক্ষা করে তিনি ঠাকুরগাঁওয়ে মহিলা দলকে সুসংগঠিত রেখেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দায়িত্ব পালনে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। নেতাকর্মীরা জানান, একসময় তাকে দল পরিবর্তনের প্রলোভন ও বড় পদের প্রস্তাব দেওয়া হলেও আদর্শের জায়গায় অটল থেকে তিনি তা প্রত্যাখ্যান করেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার গণসমাবেশে অংশ নিতে গিয়ে তিনি আহত হন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন প্যারিস। ৪ আগস্ট পুলিশ তার বাড়িতে অভিযান চালালেও তিনি পিছু হটেননি। দলের দুঃসময়ে রাজপথ আঁকড়ে থাকা এবং নারী নেত্রীদের ঐক্যবদ্ধ রাখার বিশেষ গুণ তাকে তৃণমূলের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

জেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, ফোরাতুন নাহার প্যারিস দীর্ঘদিনের পরীক্ষিত নেত্রী। দলের প্রতিটি সংকটকালীন মুহূর্তে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। সংরক্ষিত নারী আসনে তার মতো ত্যাগী নেতৃত্ব মূল্যায়ন পেলে জেলার নারী রাজনীতি আরও গতিশীল হবে।

নিজের প্রার্থীতা ও আলোচনা প্রসঙ্গে ফোরাতুন নাহার প্যারিস বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে আছি। দলের দুঃসময়ে রাজপথ ছাড়িনি। সংরক্ষিত নারী আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া দলের উচ্চপর্যায়ের বিষয়। দল যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দেবে। তবে তৃণমূলের নেতাকর্মীরা আমার ওপর আস্থা রাখায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দল আমাকে সুযোগ দিলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...