Logo Logo

মধুখালীতে প্রশাসনের দ্বিচারিতা

দুপুরে দেড় লাখ টাকা জরিমানা, বিকেলে সেই দোকানের দই দিয়েই ইফতার


Splash Image

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের এক অদ্ভুত ও বৈপরীত্যপূর্ণ কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে চরম বিস্ময় ও হাসির খোরাক সৃষ্টি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে যে দোকানকে দুপুরে দেড় লাখ টাকা জরিমানা করা হলো, সেই দোকান থেকেই বিকেলে ইফতার মাহফিলের দই কিনেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালীর বিখ্যাত ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার’-এর কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানার তেলে ময়লা, পুরনো মিষ্টির সিরা এবং চরম অপরিচ্ছন্ন পরিবেশ পরিলক্ষিত হয়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিস্ময়কর বিষয় হলো, জরিমানার মাত্র কয়েক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে একই দোকান থেকে ১৩৫ কাপ দই সংগ্রহ করে উপজেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা নিজেরাই দোকানে গিয়ে ইফতার মাহফিলের জন্য এই দই কেনেন এবং ইফতারের মেন্যুতে তা পরিবেশন করা হয়।

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—যে কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর বলে জরিমানা করা হলো, সেখানকার পণ্য সরকারি ইফতারে পরিবেশন করা কতটা নিরাপদ?

এই বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান তার অবস্থানে অনড় থেকে জানান, একটি দোকানের সবকিছু খারাপ হয় না। যে বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল সেগুলোর জন্য জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকানটি সিলগালা করে দেওয়া হতো।

তবে প্রশাসনের এমন আচরণকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা। তিনি জানান, দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই ইফতারের দই নেওয়ার বিষয়টি সত্যিই ‘কনফ্লিক্টিং’ বা সাংঘর্ষিক। জেলা প্রশাসক পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...