সংসদে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
অধিবেশনের শুরুতে সংসদ নেতার আসনে উপবিষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে তা সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের।
সংসদে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জুলাইয়ের শহীদদের স্মরণের মধ্য দিয়ে বক্তব্য শুরু করে তিনি বলেন, ‘আজকের এই সংসদ জুলাইয়ের পবিত্র রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা আশা করি, এই সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে স্পিকার কোনো পার্থক্য করবেন না।’
স্পিকারকে একজন ‘লড়াকু মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির আপনার ওপর অনেক প্রত্যাশা। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ বা ন্যায়বিচার চাই।’ বক্তব্যে তিনি হাস্যরসচ্ছলে নিজেকে ‘তরুণ’ দাবি করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান জানান এবং উচ্চকণ্ঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে ইনসাফ কায়েমের দাবি তোলেন।
মধ্যাহ্নভোজের বিরতি শেষে অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘এই সংসদ যেন অতীতের মতো ব্যক্তিগত চরিত্রহনন বা একতরফা স্তাবকতার জায়গায় পরিণত না হয়। জাতি সংসদকে নিরপেক্ষ অবস্থানে দেখতে চায়। অতীতের গ্লানি মুছে একটি কার্যকর সংসদ উপহার দেওয়া এখন সময়ের দাবি।’
একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংসদীয় গণতন্ত্র চর্চার অঙ্গীকারের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম দিনের কার্যদিবস শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...