Logo Logo

বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ


Splash Image

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। এ সংক্রান্ত রুল খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনটি খারিজ করে এ আদেশ দেন। এর ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াটি বৈধতা পেল।

এর আগে গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্নে জারি করা রুলটি খারিজ করে দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধেই পরবর্তীতে আপিল আবেদন করা হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রিট মামলার ওপর দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে চুক্তিটিকে বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান এবং সেখানে রুলটি খারিজ হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে দাবি করা হয়েছিল, ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) ছাড়াই এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়াটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। রিটে নৌ-সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছিল।

২০২৪ সালের ২৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য এই রিটে সংযুক্ত করা হয়। আপিল বিভাগের আজকের এই রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটলো এবং বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির পথ সুগম হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...