Logo Logo

সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা


Splash Image

সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান। ছবি: সংগৃহীত

দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনকাল পেরিয়ে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।


বিজ্ঞাপন


অধিবেশনের শুরুতে এক বিশেষ সাংবিধানিক প্রক্রিয়ার প্রতিফলন ঘটে। বিগত সরকারের পতনের ফলে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতির নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের সংসদীয় রীতির উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম একইভাবে প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সংসদের দর্শক সারিতে আজ বিশিষ্টজনদের এক অনন্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্যালারিতে উপস্থিত থেকে এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ বিদেশি কূটনীতিক এবং দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...