Logo Logo

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টায় সালিস বৈঠক, ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক ভ্যান চালককে জুতার বাড়ি ও অর্থদণ্ড দিয়ে সালিস মীমাংসার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আইন নিজের হাতে তুলে নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক এ ধরনের সালিস বৈঠক করায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ভ্যান চালকের নাম রিপন (৩৫), তিনি উপজেলার চারিপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার রাতে দশকানি গ্রামের একটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন ছিল। সেখানে দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে রিপন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে তাকে জাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত রিপনকে হাতেনাতে আটক করে।

ঘটনার পর দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদার এক সালিস বৈঠক ডাকেন। সেই বৈঠকে রিপনকে ৫০টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমানা করার রায় দেওয়া হয়। রায় অনুযায়ী, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি জনসমক্ষে রিপনকে ৫০টি জুতার বাড়ি মেরে শাস্তি কার্যকর করেন।

একজন সরকারি শিক্ষক হয়ে ফৌজদারি অপরাধের বিচার সালিস করায় জনমনে প্রশ্ন উঠলেও প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে মন্তব্য জানতে প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

অন্যদিকে, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...