Logo Logo

কাশিয়ানীতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ব্যতিক্রমী উঠান বৈঠক


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার রাতইল গ্রামে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা জাহান বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি যোগ্য পরিবার এই কার্ডের আওতায় আসবে। তবে এই কার্ড বা সরকারের অন্য কোনো সেবা পেতে কাউকে কোনো ধরনের অর্থ প্রদান না করার জন্য তিনি জনসাধারণের প্রতি কড়া আহ্বান জানান। যেকোনো ধরনের অবৈধ লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে তিনি উপস্থিত জনগণকে সচেতন করেন।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান জানান, ফ্যামিলি কার্ড বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় চালু হয়েছে এবং দ্রুতই তা দেশব্যাপী বিস্তৃত করা হবে। বৈঠকে তিনি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং পরিবেশ রক্ষায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তথ্য অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।

উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য বিশেষ পরিবহন সেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচির ওপর নির্মিত প্রদর্শনী উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...