Logo Logo

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

দিবসটি উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি।

বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য সবসময় অনুকরণীয়। তাঁর অনবদ্য লেখনী থেকে গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শেখার রয়েছে। বক্তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, কবির স্মৃতি রক্ষার্থে ও তাঁর জীবন সম্পর্কে জানাতে ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি গ্রন্থ শীঘ্রই প্রকাশের প্রস্তুতি চলছে। এই গ্রন্থের মাধ্যমে ফরিদপুরের নতুন প্রজন্ম পল্লীকবি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সবশেষে আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়ালের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...