Logo Logo

কুয়াকাটায় সরকারি গাছ চুরির অভিযোগে শ্রমিক দল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


Splash Image

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমি থেকে রেইন্ট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিক দল ও কৃষক দলের নেতাসহ চারজনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


গত শনিবার (১৪ মার্চ) মহিপুর থানায় মামলাটি দায়ের করেন মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আসিফ নূর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল সীকুইন সংলগ্ন সরকারি খাস খতিয়ানের জমিতে এই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, গত ১১ মার্চ সন্ধ্যায় ওই জমিতে একটি বড় রেইন্ট্রি গাছ দেখা গেলেও রাত ৯টার দিকে সেটি আর সেখানে ছিল না। পরবর্তীকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আসামিরা দলবদ্ধ হয়ে বেআইনিভাবে সরকারি জমিতে প্রবেশ করে গাছটি কেটে ভ্যানযোগে সরিয়ে নিয়েছে। চুরি হওয়া গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার টাকা।

মামলায় নামীয় আসামিরা হলেন— কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মো. জসিম মৃধা, কাদের, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস ও রাসেল। তবে অভিযুক্ত শ্রমিক দল নেতা জসিম মৃধা তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহিদুর রহমান বাবু খান জানান, ঘটনাটি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান সংবাদ মাধ্যমকে জানান, সরকারি সম্পত্তি চুরির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...