Logo Logo

হরমুজ প্রণালিতে অবরোধ : একদিনে তেলের দাম বাড়ল ৩ শতাংশের বেশি


Splash Image

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও কঠোর বিধিনিষেধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। সোমবারের তুলনায় মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ‘ব্রেন্ট ক্রুড’ এবং ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)—উভয়েরই দাম বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১০৩.২৮ ডলারে বিক্রি হচ্ছে, যা আগের দিনের তুলনায় ৩.১ শতাংশ বেশি। অন্যদিকে, ডব্লিউটিআই-এর দাম ৩.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৮৫ ডলারে দাঁড়িয়েছে।

জ্বালানি বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, এই অস্থিতিশীলতার প্রধান কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের দীর্ঘস্থায়ী অবরোধ। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই রুটটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের ‘বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে। গত ১৫ দিনে হরমুজ প্রণালি অতিক্রমের সময় বিভিন্ন দেশের পতাকাবাহী ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে। এসব হামলার কারণে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়ায় সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

বৈশ্বিক জ্বালানি বাজার পর্যবেক্ষক সংস্থা ‘ফিলিপ নোভা’র জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব রয়টার্সকে বলেন, “আন্তর্জাতিক তেলের বাজারের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ওপর নির্ভর করছে।” বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

সূত্র : রয়টার্স।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...