Logo Logo

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৯


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)। এই ঘটনায় শিশুসহ আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে যায়। ডিভাইডারে সজোরে ধাক্কা লাগার পরপরই গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং দ্রুত পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। এতে ঘটনাস্থলেই চালক রিন্টু দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে দুর্ঘটনাকবলিত যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...