Logo Logo

প্রান্তিক জনগোষ্ঠির ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী


Splash Image

‘ঈদ হোক সবার’— এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বাটিকামারী গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরের আগে নিত্যপ্রয়োজনীয় এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত এলাকার মানুষ।


বিজ্ঞাপন


ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন অসহায় পরিবারের সদস্যদের হাতে এই ঈদসামগ্রী তুলে দেন। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, গুঁড়ো দুধ এবং সাবান। ঈদের আগে এমন সহায়তা পেয়ে বাটিকামারী গ্রামের মালেকা বানু, বাহারা গ্রামের ছমিরন বেগম, মহারাজপুর গ্রামের আবুল হোসেন এবং বনগ্রামের আলমগীর শেখসহ আরও অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, প্রতি বছর এই ফাউন্ডেশনের ঈদসামগ্রী পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন এবং ঈদের দিন ভালো খাবার খেতে পারেন।

অনুষ্ঠানে ডা. মোশাররফ হোসেন বলেন, "প্রান্তিক মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন গত এক দশক ধরে শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।" ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, "সবার ঘরে ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছায়, সেই প্রত্যাশায় আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আক্কাস আলী শেখ, উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান (ইমন), সহ-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পালসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...