Logo Logo

ঈদ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাগরকন্যা কুয়াকাটা


Splash Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত ‘সাগরকন্যা’ কুয়াকাটা। দীর্ঘ বিরতির পর পর্যটন ব্যবসায় আবারও গতি ফেরার আশায় উচ্ছ্বসিত স্থানীয় ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এরই মধ্যে সৈকত সংলগ্ন ৬০ শতাংশ হোটেল-মোটেলের কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা পর্যটকদের বরণ করে নিতে নতুন সাজে সাজানো হচ্ছে আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো। কেনাকাটার জন্য প্রস্তুত রাখা হয়েছে রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট ও বার্মিজ আচারের দোকান। পর্যটকদের ছবি তোলার জন্য ক্যামেরাম্যান এবং রসনা তৃপ্তিতে কাঁকড়া ফ্রাই ও চটপটি-ফুচকার দোকানগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এছাড়া সমুদ্রপথে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চল ভ্রমণের জন্য ট্যুরিস্ট বোট, স্পিড বোট এবং ওয়াটার বাইকগুলো চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ১৮ কিলোমিটার বিস্তৃত বেলাভূমি পর্যটকদের প্রধান আকর্ষণ। ভ্রমণপিপাসুরা এখানে এসে ট্যুরিজম পার্ক, জাতীয় উদ্যান (ইকোপার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ও সীমা বৌদ্ধ বিহার ঘুরে দেখেন। এছাড়া সমুদ্রপথে ফাতরার বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, লেম্বুর চর ও শুঁটকি পল্লী দেখার জন্য পর্যটকদের বিশেষ আগ্রহ থাকে।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী আল-আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, "এবারের ঈদে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আমরা মনে করছি। এতে ব্যবসায়ীদের মুখে আবারও হাসি ফুটবে এবং কুয়াকাটা তার পুরনো প্রাণ খুঁজে পাবে।"

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিতে পর্যটক সমাগম বাড়লে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। টহল টিম ও মোবাইল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদিক জানান, লম্বা ছুটি বিবেচনায় রেখে পর্যটকদের সেবা ও পৌর সুবিধার বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ সমন্বিতভাবে পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...