Logo Logo

ঈদের আনন্দ ভাগাভাগি করতে পঞ্চদাস অনির্বাণ সেবা সংঘের মানবিক উদ্যোগ


Splash Image

“মানবতার সেবায় আমরা”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে পঞ্চদাস অনির্বাণ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস এলাকায় ১২০টিরও বেশি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, সেমাই, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ। এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ঈদের প্রস্তুতিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সহায়তা পাওয়া এক নারী বলেন, অভাবের কারণে ঈদের প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছিল না, এই সহায়তা পেয়ে পরিবার নিয়ে অন্তত শান্তিতে ঈদ উদযাপন করতে পারবেন। আরেক বৃদ্ধ উপকারভোগী জানান, ঈদের আগে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় পাওয়া, যারা পাশে দাঁড়িয়েছে তাদের জন্য তিনি দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ আনন্দ ও সম্প্রীতির উৎসব হলেও সমাজের অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। সেইসব মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক দায়বদ্ধতা থেকেই পঞ্চদাস অনির্বাণ সেবা সংঘ দীর্ঘ ১৪ বছর ধরে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদ সহায়তার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্প, ব্লাড টেস্ট ক্যাম্পেইনসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...