বিজ্ঞাপন
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে ছাবিদ মিয়া নামের এক রোজাদার ব্যক্তির সামনে আলাল মিয়া নামের আরেকজন বিড়ি টানছিলেন। এক পর্যায়ে আলাল মিয়া ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ছাবিদের দিকে বিড়ির ধোঁয়া ছুড়ে মারলে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবার ও তাদের সমর্থকদের মধ্যে।
এই তুচ্ছ ঘটনার জেরে ইফতারের ঠিক আগ মুহূর্তে নিজ এলাকায় গিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ভোরের বাণীকে জানান, "ইফতারের মুহূর্তে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ফোর্স পাঠাই। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।" তবে এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...