Logo Logo

কলকাতার ঈদের জামাতে গিয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা


Splash Image

কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদুল ফিতরের বিশাল জামাতে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২১ মার্চ) রাজ্যের বৃহত্তম এই ঈদ জামাতে অংশ নিয়ে তিনি মুসলিম সম্প্রদায়সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন।


বিজ্ঞাপন


সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে রেড রোডে ঢল নামে হাজারো মুসল্লির। নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচন ও সংশোধিত নিবিড় ভোটার তালিকা (এসআইআর) নিয়ে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, এসআইআর প্রণয়নের নামে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম কাটা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই অধিকার হরণের বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ চালিয়ে মমতা বলেন, "মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।" তিনি আরও প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী যখন সৌদি আরব বা দুবাই গিয়ে হাত মেলান, তখন কি তার হিন্দু-মুসলমানের কথা মনে থাকে না? দেশে ফিরলেই কেন মানুষের নাম কাটার কথা মনে পড়ে? বাংলাকে যারা টার্গেট করবে, তাদের পরিণতি শুভ হবে না বলে তিনি হুমকির সুরে জানান।

অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানবতার স্বার্থে সবাইকে একজোট হতে হবে এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে।

মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ভারতীয় হিসেবে নিজের গর্ববোধের কথা উল্লেখ করে রাজ্যজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...