Logo Logo

পাথরঘাটায় জমি বিরোধের জেরে পিতাকে পিটিয়ে হত্যা, ২ ছেলে গ্রেফতার


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলেদের হাতে পিতা মো. মন্টু শিকদার (৬২) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।


বিজ্ঞাপন


রোববার (২২ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠালতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে নিহতের অপর ছেলে বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ২১ মার্চ রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ও র‌্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শরীয়তপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ছেলে মো. সোহেল (কাইয়ুম শিকদার) (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মন্টু শিকদারের দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারের সন্তান সোহেল ও নাসিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে গত শুক্রবার দুপুরে নিজ পিতার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় লাঠিপেটায় ঘটনাস্থলেই মন্টু শিকদারের মৃত্যু হয়।

এদিকে মামলার বাদী নিহতের দ্বিতীয় সংসারের ছেলে মো. রিয়াজ হোসেন শিকদার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে আসামি করতে চাইলেও তা অন্তর্ভুক্ত করা হয়নি।

তবে এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...