Logo Logo

‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালি খোলা : ইরান


Splash Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানি দূত আলি মৌসাভি জানিয়েছেন, শত্রুপক্ষের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে।


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

উল্লেখ্য, শনিবার রাতে ট্রাম্প আল্টিমেটাম দিয়েছিলেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না করে, তবে দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। এই হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরান তাদের অবস্থান পরিষ্কার করল।

ইরানি দূত আলি মৌসাভি জানান, উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সাথে কাজ করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই, তারা অনায়াসেই এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে। তবে অন্য দেশের জাহাজগুলোকে নিরাপত্তার খাতিরে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে চলাচল করতে হবে। অর্থাৎ, জাহাজ প্রবেশের পূর্বে ইরানকে অবহিত করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে এই ইরানি কূটনীতিক বলেন, “ইরান সবসময় কূটনীতিকে প্রাধান্য দেয় এবং সেই পথ এখনো খোলা আছে। তবে তার আগে যেকোনো ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পারস্পরিক বিশ্বাস অর্জন করা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থির পরিস্থিতির মূল কারণ হলো ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি হামলা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ঘোষণা মূলত ট্রাম্পের আল্টিমেটামের প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে সৃষ্ট আতঙ্ক কমানোর একটি কৌশল হতে পারে। তবে 'শত্রুপক্ষ' চিহ্নিত করার মানদণ্ড নিয়ে অস্পষ্টতা থাকায় পারস্য উপসাগরে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হওয়ার সম্ভাবনা এখনো ক্ষীণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...