বিজ্ঞাপন
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
আদালত সূত্রে জানা যায়, মুকসুদপুর সদর বাজারের মেসার্স জালাল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ৪ হাজার লিটার পেট্রোল ও অকটেন এবং ১০০ সিলিন্ডার এলপিজি গ্যাস মজুদ রয়েছে। এলপিজি বিধিমালা ২০০৪-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দোকানের মালিক মো. শাহ জালালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, উক্ত ব্যবসায়ীর কেবল কেরোসিন ও ডিজেল বিক্রির লাইসেন্স থাকলেও পেট্রোল ও অকটেন বিক্রির কোনো বৈধ অনুমোদন নেই। স্থানীয়দের অভিযোগ ছিল, ব্যবসায়ী শাহ জালাল মজুদ করা পেট্রোল ও অকটেন প্রতি লিটার ১৭০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পাওয়ায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে খোলাবাজারে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণভাবে দাহ্য পদার্থ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...