বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার ট্রাম্প এক আল্টিমেটামে জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় তাদের বিদ্যুৎ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে।
ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলো তাদের লক্ষ্যবস্তু হবে।
ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা জানালেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ চলমান বৈঠকের চূড়ান্ত সফলতার ওপর নির্ভর করবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
ট্রাম্প আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার খবর নিশ্চিত করেনি। বরং গত কয়েকদিন ধরেই তেহরান বলে আসছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের সংলাপে বসবে না। ফলে ট্রাম্পের এই দাবি এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা ও কৌতূহল দুই-ই বাড়ছে।
সূত্র: আলজাজিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...