Logo Logo

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় দম্পতি আহত, স্ত্রী’র অবস্থা আশঙ্কাজনক


Splash Image

গোপালগঞ্জ জেলা শহরের নিগি পেট্রোল পাম্প এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মো: মাহমুদ কবির আলী (৫৩) ও তার স্ত্রী কেয়া মাহমুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আজ সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে মাহমুদ কবির আলী তার স্ত্রীকে নিয়ে নিগি পেট্রোল পাম্পে প্রবেশ করছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সরাসরি আঘাত করে। মোটরসাইকেলের ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন।

দুর্ঘটনায় মাহমুদ কবির আলীর পায়ের গোড়ালি ভেঙে গেছে (ফ্র্যাকচার) এবং হাঁটু ও কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে তার স্ত্রী কেয়া মাহমুদের আঘাত অত্যন্ত গুরুতর। আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কেয়া মাহমুদের মাথার আঘাতকে 'ক্রিটিক্যাল' বা আশঙ্কাজনক বলে চিহ্নিত করেন। উন্নত নিউরো-সার্জারি চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত মাহমুদ কবির আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...