Logo Logo

‘জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে জামায়াত’


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনে দেশের সংবিধান পরিবর্তনের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি স্পষ্ট করে বলেন, "সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়।"


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম খান জানান, প্রথম বৈঠকে ২৭টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অধিকাংশ বিষয়েই কমিটির সদস্যরা একমত পোষণ করেছেন এবং ৪-৫টি অধ্যাদেশ পরবর্তী সভায় পর্যালোচনার জন্য রাখা হয়েছে। বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে নীতিগতভাবে একমত হওয়ার কথা জানান তিনি। এ ছাড়া জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত 'দায়মুক্তি' অধ্যাদেশের বিষয়েও কমিটি ইতিবাচক অবস্থানে রয়েছে।

সংবিধান বনাম জুলাই আকাঙ্ক্ষার অগ্রাধিকার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, "আমরা জুলাই আকাঙ্ক্ষাকেই অবশ্যই প্রাধান্য দেব। জুলাই বিপ্লব সফল না হলে আজ আমরা সংসদ ভবনে আসার সুযোগ পেতাম না। সংবিধান কোনো কোরআন বা ওহী নয়; দেশের ও জনগণের প্রয়োজনে এর যেকোনো ধারা পরিবর্তন করা যেতেই পারে।"

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত 'ফ্যাসিবাদী' সরকার সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তারা বলত সংবিধানের বাইরে এক চুলও নড়বে না। কিন্তু জামায়াত বিশ্বাস করে, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংবিধান সংশোধন বা পরিবর্তন করা সময়ের দাবি।

রফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা শুরু থেকেই ঘোষণা করেছেন তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ইতিবাচক পদক্ষেপে সরকারকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। তবে দেশ, জনগণ বা ইসলামের স্বার্থবিরোধী কোনো উদ্যোগ নেওয়া হলে জামায়াত কঠোর অবস্থান নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। যদিও এখন পর্যন্ত পর্যালোচিত কোনো অধ্যাদেশ ইসলামের বিরুদ্ধে বলে মনে হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...