বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাহফুজ (মনোহরদী) নামে এক বিক্রেতাকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি জ্বালানি তেলের দাম নিয়ে বাজারে অনিয়ম ও কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়।
একই দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি কার্যক্রম জোরদার করা হয়। এর অংশ হিসেবে আনোয়ার এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় মজুদ তালিকা, বিক্রয়মূল্য এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বোতলে জ্বালানি বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বোতলে জ্বালানি বিক্রি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অনেক ক্ষেত্রে অবৈধ মজুদের সুযোগ সৃষ্টি করে।
পাশাপাশি সাধারণ জনগণকেও বোতলে জ্বালানি ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, কেউ যেন কৃত্রিম সংকট তৈরি না করে এবং বাজারে অস্থিরতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ এবং মনোহরদী থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...