বিজ্ঞাপন
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫–২৬ মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন মোহাম্মদ সালাহ। ক্লাব কর্তৃপক্ষ তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, সালাহ ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় সালাহ বলেন, “আমি কখনও ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীর অংশ হয়ে উঠবে। লিভারপুল আমার কাছে শুধু একটি ক্লাব নয়, এটি আমার পরিবার।”
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। যোগ দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে দ্রুতই সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ, যা তাকে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে নিয়ে গেছে। তার গতিময়তা, গোল করার দক্ষতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরম্যান্স তাকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
লিভারপুলের হয়ে তিনি জিতেছেন আটটি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ, যা ক্লাবটির সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
ফুটবল বিশ্লেষকদের মতে, সালাহর বিদায় লিভারপুলের জন্য বড় ধাক্কা হলেও তার অবদান ক্লাবের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সমর্থকদের কাছে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং অ্যানফিল্ডের এক যুগের প্রতীক হয়ে উঠেছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...