Logo Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ নয়, বার্তা আদান-প্রদান চলছে : আরাগচি


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংলাপ শুরু হওয়ার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে তিনি স্বীকার করেছেন যে, বিভিন্ন মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তার আদান-প্রদান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি বলেন, “মার্কিনিরা একসময় নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল, এখন তারা কেন আবার আলোচনার কথা তুলছে?” তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে ইরানের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংলাপ বা আলোচনার ইচ্ছা তাদের নেই।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, ইরান যদি শান্তি চুক্তি না করে তবে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। তিনি আরও দাবি করেন যে, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং তার ফলাফল সন্তোষজনক।

মার্কিন প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, যুদ্ধের এই পরিস্থিতিতে আলোচনার জন্য ব্যস্ত হওয়ার অর্থ হলো পরাজয় স্বীকার করে নেওয়া। যারা এখন আলোচনার কথা তুলছে, তারা আসলে একভাবে নিজেদের পরাজয়ই মেনে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো ১৫ দফার একটি শান্তি প্রস্তাবের অনুলিপি ইরান সরকারের কাছে পৌঁছেছে। বর্তমানে সরকারি নেতৃত্ব সেই প্রস্তাবের পয়েন্টগুলো যাচাই ও পর্যালোচনা করছেন। তিনি জানান, বন্ধুত্বপূর্ণ বিভিন্ন দেশের মাধ্যমে এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় চলছে, তবে একে কোনোভাবেই 'সংলাপ' বলা চলে না।

সাক্ষাৎকারে আরাগচি আরও বলেন, যুদ্ধের মাধ্যমে ইরান নিজের জন্য এমন একটি নিরাপত্তা ঢাল তৈরি করেছে যা বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের স্বার্থ নিয়ে খেলা করার ফলাফল অত্যন্ত গুরুতর হবে এবং ইরানকে উসকানি দেওয়ার ক্ষমতা কারও নেই বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...