Logo Logo

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


দিবসের শুরুতে সকাল ৭টায় ডাকবাংলো চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অমর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

এরপর বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতীয় ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র, যুবক, কৃষক ও সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি ছিনিয়ে এনেছিলেন।"

তিনি আরও বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা একটি লাল-সবুজের পতাকা ও স্বাধীন ভূখণ্ড পেয়েছি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ ও সমাবেশ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...