বিজ্ঞাপন
এবারের জাতীয় প্যারেডে বিএনসিসি খুলনা ফ্লোটিলার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বিএনসিসি নৌ-শাখা থেকে অংশগ্রহণ করেছেন দুই কৃতি ক্যাডেট— আনিসা ইবনাথ রাইসা ও সাদিয়া আজাদ তুলতুল। তাঁরা উভয়ই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ঈদের ছুটি উপেক্ষা করে পরিবার-পরিজন থেকে দূরে থেকে এই দুই ক্যাডেট দীর্ঘ সময় ধরে কঠোর প্রশিক্ষণে মনোনিবেশ করেছেন। তাঁদের অদম্য নিষ্ঠা ও হাড়ভাঙা পরিশ্রমের ফলস্বরূপ তাঁরা জাতীয় প্যারেডে বিএনসিসি কন্টিনজেন্ট টিমে নিজেদের স্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
খুবি বিএনসিসি নৌ-শাখা প্লাটুনের এই অর্জনকে ক্যাডেটদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উজ্জ্বল মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতীয় দিবসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাষ্ট্রীয় আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাডেটরা। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএনসিসি নৌ-শাখার প্রশিক্ষক ও সহপাঠীরা মনে করছেন, এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের।
ক্যাডেট রাইসা ও তুলতুলের এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও বিএনসিসি ও দেশসেবায় উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ।
প্রতিবেদক- আফনান আজিজ, খুবি প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...