Logo Logo

দৌলতদিয়ায় বাসডুবি

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ


Splash Image

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বরাবরে পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী-রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।

নোটিশে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যারা কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ প্রদানকারী অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সময়ের স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলে নোটিশটি পাঠানো হয়েছে এবং পরবর্তীতে রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এটি পাঠানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...