বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু তালুকদার পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরে বন্ধকি নেওয়া জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। জমির ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছিল এবং কয়েক দিনের মধ্যেই তা কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল।
কিন্তু অভিযোগ রয়েছে, গত কয়েকদিন ধরে মাখনা গ্রামের কিছু লোকের গরু তার ধানক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ব্যাপক ক্ষতি করে আসছিল। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো প্রতিকার পাননি।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বাচ্চু তালুকদার তার জমিতে গিয়ে দেখেন, গরু ধানক্ষেতের অনেকাংশ তছনছ করে ফেলেছে। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পাশের মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন।
এ সময় ধান নষ্টের বিষয়টি নিয়ে বাচ্চু তালুকদারের সঙ্গে করিল ইসলামের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...