Logo Logo

শিবচ‌রে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও ভাঙচুর, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ


Splash Image

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মার্চ) বিকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা, বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উলটো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


ঘটনা সুত্রে জানা যায়, বিজিবি সদস্য নাসিরউদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছয় মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিনের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের ওপর বাদীপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দুইজন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্য এবং তার ভাইদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করে।

এ সময় বাধা দিলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মমতাজকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে আসামিপক্ষেরও দুইজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। আমি বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তি নেই।

মামলার আসামি রফিক শিকদার বলেন, মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নাসিরউদ্দিন আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি। পরে নাসিরউদ্দিনের বাড়িঘরে কে বা কারা হামলা-ভাঙচুর চালিয়েছে তা জানা নেই। শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...