Logo Logo

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ


Splash Image

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় খোদ হাসপাতালেই ঢুকে রাসেল বিশ্বাস (২৫) নামের এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। আহত রাসেল ওই উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তার আপন ভাই পান্না বিশ্বাসের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পান্না বিশ্বাসের লোকজন ভাতিজা রাসেলকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও তিনি নিরাপদ ছিলেন না।

আহত রাসেলের ভাই রবিউল বিশ্বাস অভিযোগ করে বলেন, "দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে আমাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে চাচার লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর আজ সকালে শাওন, বাবু, মানিক, অনিক ও হাফিজুর বিশ্বাস জোরপূর্বক হাসপাতালে ঢুকে পড়ে। তারা চাইনিজ কুড়াল দিয়ে আমার ভাই রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক।"

হামলার ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচা পান্না বিশ্বাস পলাতক রয়েছেন এবং তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো ভোরের বাণীকে বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছি। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...