Logo Logo

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার


Splash Image

গত বছরের এক গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান ও বলপ্রয়োগের অভিযোগে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদ সংস্থা এএফপিকে জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। মূলত একটি তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।

তদন্তে নিয়োজিত প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছিল। প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুংকেও গ্রেপ্তারের সুপারিশ করা হয়। তবে ওলি ইতিপূর্বে এই তদন্ত প্রতিবেদনকে তার বিরুদ্ধে ‘ঘৃণ্য রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন।

গত সেপ্টেম্বরে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন। সেই উত্তাল আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটি কোনো প্রতিশোধ নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু।

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক র‍্যাপার বালেন শাহ শপথ গ্রহণের মাত্র একদিন পরই এই উচ্চপর্যায়ের গ্রেপ্তারি অভিযান দেশটিতে নতুন রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নতুন প্রশাসন জনগণের কাছে নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ দিতে চাইছে।

বর্তমানে কাঠমান্ডুসহ নেপালের প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন সরকার পরিস্থিতি শান্ত করার পরিবর্তে পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে দমনের চেষ্টা করেছিল, যার ফলে অনেক প্রাণহানি ঘটে। এখন আইনি প্রক্রিয়ায় এই ঘটনার কতটা সুষ্ঠু বিচার নিশ্চিত হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।

সূত্র: বিবিসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...