Logo Logo

১০ দিনের মধ্যে গোপালগঞ্জ শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসকের


Splash Image

দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ বড় বাজার এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষায় এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শহরের মাঝ দিয়ে প্রবাহিত খালটি আগামী ১০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করা হবে। এরপর পর্যায়ক্রমে শহরের অন্যান্য ড্রেন ও খালগুলোতেও এই অভিযান চালানো হবে। শুধু জেলা শহর নয়, এই কর্মসূচি জেলার প্রতিটি উপজেলায় একযোগে বাস্তবায়িত হবে।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া পূর্ণাঙ্গ সাফল্য সম্ভব নয়। তিনি সকলকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারেক সুলতানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার পরিচ্ছন্ন ও মশক নিধন কর্মকর্তা মোঃ এমরান আলী মোল্লার নেতৃত্বে একঝাঁক চৌকস পরিচ্ছন্ন কর্মী প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই অভিযানে অংশ নেন।

পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ এমরান আলী মোল্লা নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন। নিজেদের বসতবাড়ি পরিচ্ছন্ন রাখুন যাতে মশার বংশবিস্তার না ঘটে। আপনারা সহযোগিতা করলে আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মশামুক্ত পৌরসভা উপহার দিতে পারব।

শহরবাসীকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা ও মাইকিং কর্মসূচি চলমান থাকবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগে শহরবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...